• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণতন্ত্র ধ্বংস করতে বিরোধীদল নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি


লক্ষ্মীপুর প্রতিনিধি  সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০২:০৩ পিএম
গণতন্ত্র ধ্বংস করতে বিরোধীদল নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানি সম্পদমন্ত্রী বলেন, তারা গালিগালাজ এমনভাবে করে- এটা হলো বিরোধী দলের গণতন্ত্রের সৌন্দর্য। এটা যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, এদেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও গ্রহণ করবে না। আর এদের গণতন্ত্রের সৌন্দর্যও বলা যাবে না। 

মন্ত্রী বলেন, এরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ করছে, গাড়িতে আগুন, তাদের নেতৃত্বে ককটেল মারা, তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করা। আর বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা, কর্মকাণ্ডের সঙ্গে তাদের মিল খুঁজে পাওয়া যায়। 

তিনি বলেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। রাজপথ থেকে আমরা উঠে এসেছি, রাজপথে আমরা ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি। আগামী দিনে এই অপশক্তিকে আমরা মোকাবিলা করবো রাজপথে।

পিএস

Link copied!