ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ুর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৫৬৬ পেয়ে রাজ্যজুড়ে প্রথম স্থান অর্জনকারী মনিকাকে নিজ হাতে সোনার হার উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। গত বুধবার চেন্নাইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওই কৃতী শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। মূলত দশম ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়।
তিরুভান্নামালাইয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনিকা জানান, মুখ্যমন্ত্রী বিজয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করা তার জন্য একটি বিশেষ মুহূর্ত। এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। অন্যদিকে কুড্ডালোরের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীনিথি ৫০০ নম্বরের মধ্যে ৪৯৪ পেয়ে কৃতিত্ব অর্জন করেছেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়াকে তিনি নিজের ও স্কুলের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিজয় বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যই তার রাজনীতিতে আসার অন্যতম কারণ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের লক্ষ্য পূরণে পরিশ্রম করার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে বিজয় বলেন, তিনি এখানে রাজনীতি করতে, ভোট চাইতে কিংবা দল নিয়ে কথা বলতে আসেননি এবং এই মুহূর্তে তাদের দলীয় রাজনীতির কোনো প্রয়োজন নেই। ভালোভাবে পড়াশোনা করে বড় কিছু অর্জন করে জীবন বদলে ফেলার পর সমাজ ও তামিলনাড়ুর কথা ভাবার পরামর্শ দেন তিনি।
চলতি পথে কেউ বাধা সৃষ্টি করলে তাতে দমে না যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ যদি পথে বাধা সৃষ্টি করে, তার অর্থ হলো সাফল্য নিশ্চিত। এ সময় ক্ষতিকর অভ্যাসের কাছে নতি স্বীকার না করার পাশাপাশি দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকারও আহ্বান জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
এসএইচ







































