• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে কচি পাতা


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৯ পিএম
বসন্তের আগমনে গাছে গাছে শোভা পাচ্ছে  কচি পাতা

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে বসন্তের আগমনে গাছে গাছে এখন কচি পাতার সমারোহ। শীতের জীর্ণতা ঝরিয়ে ফাগুনের হাওয়া আর নবপল্লবের ছোঁয়ায় প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। চারদিকে সবুজের আবরণ যেন মানুষের মনেও বসন্তের রঙ ছড়িয়ে দিচ্ছে।

এই সময়ে আমগাছে মুকুল, কাঁঠালে মুচি, জাম্বুরায় ফুল, সজিনায় ডাঁটা—সব মিলিয়ে গ্রামবাংলার চিরচেনা দৃশ্য যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শীতের শেষে ঝরে যাওয়া পাতায় ন্যাড়া হয়ে থাকা গাছগুলো এখন সেজেছে কচি পাতায়। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ।

প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন পথচারীরা। নবদম্পতি ও তরুণ-তরুণীদের কাছেও কচি পাতার এই সমারোহ আলাদা আকর্ষণ তৈরি করেছে। শিশুরাও নতুন পাতাকে খেলার অনুষঙ্গ হিসেবে বেছে নিচ্ছে। বিকেলের আলোয় কচি পাতার দোলায় গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে এক অপূর্ব দৃশ্য।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ চক্রবর্তী বলেন, ঋতুরাজ বসন্তের আগুনঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। প্রকৃতির এই পালাবদলে সারা দেশের মতো ফরিদপুরেও বিভিন্ন গাছে কচি পাতার মিষ্টি সুবাসে মুখর হয়ে উঠেছে চারপাশ।

উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, ফাল্গুন এলেই প্রকৃতিতে নতুন পাতা গজায়, যা পরিবেশে এক নতুন মাত্রা যোগ করে। গাছের দিকে তাকালেই কচি পাতার সবুজ আভা চোখে পড়ে। এই সবুজের সমারোহ মানসিক প্রশান্তি এনে দেয়।

বসন্তের এই রূপ শুধু ঋতু পরিবর্তনের বার্তা দেয় না, মানুষের মনেও জাগিয়ে তোলে নতুন আশার সঞ্চার।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!