ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। সকাল হওয়ার আগেই অনেক ভোটার কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। ভোটাধিকার প্রয়োগে ভোটারদের এমন আগ্রহে মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলোর পরিবেশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। নির্ধারিত সময়ের আগেই নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। লাইনে দাঁড়িয়ে থাকা আকবর হোসেন বলেন, “২০০৮ সালের পর আজ আবার ভোট দিতে এসেছি। অনেক দিন পর নিজের ভোট নিজে দিতে পারছি—ভালো লাগছে।”
এদিকে, একই কেন্দ্রে সকাল ৮টার দিকে জামায়াত জোট মনোনীত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ভোট প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন একাধিক প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ‘ধানের শীষ’ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। জামায়াত জোট মনোনীত ‘রিকশা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ ছাড়া ‘ট্রাক’ প্রতীকে গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মিজানুর রহমান, ‘কলস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, ‘রকেট’ প্রতীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন, ‘মই’ প্রতীকে বাসদের মো. খালেকুজ্জামান, ‘হারিকেন’ প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, ‘আপেল’ প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং ‘ঘুড়ি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি দেখে সংশ্লিষ্টরা আশা করছেন, ঢাকা-১৩ আসনে এবার ভোটগ্রহণ হবে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে।
এম







































