ফাইল ছবি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলাফলে জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়ী হয়েছেন। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছেন ৬৮টি আসান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
আখতার আহমেদ এসময় জানান, নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস- এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। এছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
আখতার আহমেদ বলেন, অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না।
উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপি'র সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপি'র আসলাম চৌধুরি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ইসি সচিব আরও বলেন, গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছেন চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং না-এর পক্ষে ভোট দিয়েছেন দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। চট্টগ্রামের ওই দুটি আসনের গণভোটের হিসাবও এতে যুক্ত করা হয়েছে।
পিএস





































