• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১১:২৩ এএম
নতুন সরকারের শপথে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক যোগাযোগ ইতোমধ্যে শুরু হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। তবে এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার পর বিএনপি জোটের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই আমন্ত্রণ তালিকা চূড়ান্ত করা হয়। নতুন সরকারের শপথ অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, নির্বাচিত সংসদ সদস্যরা একই দিন সকালে শপথ গ্রহণ করবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আসন্ন শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনা এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট হতে পারে।

এম

Wordbridge School
Link copied!