• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ১২:২৫ পিএম
বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের সরবরাহ সংকট কাটাতে এবং জনচাহিদা মেটাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

চলমান বৈশ্বিক পরিস্থিতির মাঝেও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে ঘোষিত ২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত পরিবর্তন করে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বিপিসি জ্বালানি তেল সরবরাহ বা গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে।
 
সেই পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
 
হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিপিসি।

পিএস

Wordbridge School
Link copied!