ছবি: প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় ময়লা সংগ্রহের ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক শ্রমিক দল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসমাইল হোসেন আশুলিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। গতকাল শুক্রবার বিকেলে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
ভুক্তভোগী ইসমাইল হোসেনের দাবি, ইদ্রিস আলী ভূঁইয়া ও তার ছেলে মেহেদীসহ সাগর, সবুজ, রনি, মুরাদ ও আরিফ সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। হামলার আগে অভিযুক্ত মুরাদ ও আরিফ মোবাইল ফোনে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।
হামলার বিবরণ দিতে গিয়ে ইসমাইল হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে তারা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। চাপাতি ও রামদা দিয়ে দরজা কুপিয়ে ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করা হয়েছে। এ সময় তারা নগদ ৫০ হাজার টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে এবং তিনি এর সুষ্ঠু বিচার চান।
অভিযোগের বিষয়ে জানতে প্রধান অভিযুক্ত ইদ্রিস আলী ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অপর অভিযুক্ত মুরাদ দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি বলেন, অফিস থেকে ফেরার পথে ইদ্রিস ভূঁইয়া তার মোবাইল ফোনটি নিয়ে ইসমাইলকে ফোন করেছিলেন। ফোনে কী কথা হয়েছে বা পরে কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ







































