ফাইল ছবি
জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও নাদিমুর রহমান নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার ধারক হিসেবে পরিচিত করেছেন। বিভিন্ন সময়ে জামায়াতের নীতিমালা নিয়ে ভিন্নমত পোষণ এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েও তিনি রাজনৈতিক মহলে আলোচিত হন।
নাদিমুর রহমানের যোগদানের বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নাদিমুর রহমান নিজেই দলটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাকে স্বাগত জানানো হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি দলে যুক্ত হবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, নাদিমুর রহমান এনসিপিতে যোগ দিচ্ছেন। শুধু তিনিই নন, সারা দেশ থেকে আরও অনেক নেতা আমাদের দলে যোগ দেবেন বলে আমরা আশা করছি।
এই সিদ্ধান্তের বিষয়ে ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে জানান, এনসিপি মূলত তরুণদের শক্তি। দলটির বিভিন্ন কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে এবং তিনি একে একটি সম্ভাবনাময় দল হিসেবে দেখছেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও সেখান থেকেই দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। খুব দ্রুতই দেশে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তার আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা রয়েছে।
এসএইচ







































