ফাইল ছবি
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া (২৫) ও তাঁর স্ত্রী শিবলী (২২)। তামিম ওই গ্রামের হাবিবুল মিয়ার ছেলে এবং শিবলী আব্দুল ওহাবের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে তামিম ও শিবলী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে আলতুখান জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় শিবলীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএইচ







































