• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হকার পূনর্বাসনে প্রস্তুত হচ্ছে খোলা ৬টি মাঠ : ডিএনসিসি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬, ০৫:১৩ পিএম
হকার পূনর্বাসনে প্রস্তুত হচ্ছে খোলা ৬টি মাঠ : ডিএনসিসি

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর ফুটপাতের হকারদের পুনর্বাসনে ছয়টি খোলা মাঠে অস্থায়ী বাজার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব স্থানে নিবন্ধনের মাধ্যমে হকারদের বসানো হবে এবং নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালিত হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২৫ এপ্রিল) সকালে গুলশানের একটি হোটেলে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়’ শীর্ষক এক নগর সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর অধিকার কর্মী ব্যারিস্টার ওমর সাদাত।

ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাতে হকারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়েছে। আগে যেখানে ২০০ জন হকার ছিল, এখন তা প্রায় দুই হাজারে পৌঁছেছে। এতে পথচারী ও যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে, এমনকি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, নির্ধারিত স্থান ছাড়া কোথাও হকার বসতে দেওয়া হবে না এবং নির্দিষ্ট সময় শেষে দোকান সরিয়ে নিতে হবে। দোকানগুলো ট্রলিভিত্তিক হতে হবে; স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণের অনুমতি থাকবে না।

নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, বিভিন্ন সেবা সংস্থাকে সমন্বিত কাঠামোর আওতায় আনা জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা ও খাল রক্ষণাবেক্ষণে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খালে বর্জ্য ফেলা ঠেকাতে জরিমানার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সংলাপে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, দূষণ ও অব্যবস্থাপনার কারণে ঢাকা এক গভীর সংকটে রয়েছে। নদী দখল ও দূষণের ফলে রাজধানী এখন বহির্ভূত উৎসের ওপর পানির জন্য নির্ভরশীল হয়ে পড়েছে। বায়ু ও শব্দদূষণও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলো এক ছাতার নিচে আনলে সমন্বয় বাড়বে। তিনি কড়াইল বস্তিতে বহুতল ভবনের পরিবর্তে বিদ্যমান অবস্থা বজায় রেখে নাগরিক সুবিধা উন্নয়নের কথা জানান।

ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ জানান, প্রশাসনিক জটিলতায় পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বর্তমানে মেঘনা, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা থেকে পানি সরবরাহ করা হচ্ছে।

এছাড়া রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে রুট সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনার কথাও জানান ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম।

সংলাপে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।

এসআই

Link copied!