• ঢাকা
  • রবিবার, ০৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোরবানিতে অবৈধভাবে পশু প্রবেশ করতে দেওয়া হবে না: মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০২৬, ০২:৫৬ পিএম
কোরবানিতে অবৈধভাবে পশু প্রবেশ করতে দেওয়া হবে না: মন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। আর চাহিদা হবে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। তাই অবৈধ পথে কোনোভাবেই গবাদিপশু প্রবেশ করতে দেওয়া হবে না।

রোববার (৩ মে) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এদিকে গত বছর (২০২৫) পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। গত বছর কোরবানি পরে ৩৩ লাখ ১০ হাজার পশু উদ্বৃত্ত ছিল।

মন্ত্রী আমিন উর রশিদ বলেন, আশা করি চাহিদার চেয়ে উৎপাদন বেশি, কোন শর্টেজ হবে না।

এ সময় জানানো হয়, এবার কোরবানিযোগ্য ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া ও ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণীর প্রাপ্যতা রয়েছে।

দেশে চাহিদার চেয়ে বেশি গবাদিপশু থাকায় এ বছর কোরবানি ঈদের জন্য পশু আমদানি করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, অবৈধ পথে কোনোভাবেই গবাদিপশু প্রবেশ করতে দেওয়া হবে না। বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করবে।

কোরবানির প্রাণী সরবরাহের জন্য প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে প্রাণী সরবরাহ করা হবে। এছাড়া, রাস্তা ও পশুর হাটে কঠোরভাবে চাঁদাবাজি রোধ করতে কাজ করবে সরকার।

অন্যদিকে, রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ২৭টি পশুর হাট বসবে। এসব হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল দল ও ২টি বিশেষজ্ঞ মেডিকেল দল নিয়োজিত থাকবে।

পিএস

Link copied!