• ঢাকা
  • শনিবার, ১৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৬, ০২:৫৩ পিএম
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

ফাইল ছবি

ঢাকা: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মিজানুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা।

সদ্য প্রয়াত মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনের সাবেক সংসদ সদস্য এবং ২০০৩-০৬ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ তিনি।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা একমি গ্রুপের প্রতিষ্ঠা হামিদুর রহমান সিনহা ও মা নূরজাহান সিনহা।

২০২০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রাজনীতি ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।

সবশেষ ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের তালিকায় তার নাম আসে। পরবর্তীতে মিজানুর রহমানের অসুস্থতাজনিত কারণে আসনটিতে মনোনয়ন পরিবর্তন করা হয়।

১৯৬৪ সালে ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন মিজানুর রহমান সিনহা। বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে একমি গ্রুপে যোগদান করেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

পিএস

Link copied!