ছবি : সংগৃহীত
ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২১ মে) জাতীয় সংসদে নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
লিখিত উত্তরে আইনমন্ত্রী জানান, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তদের দলীয় পরিচয় উল্লেখ করা হয় না। ফলে, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক বা মিথ্যা মামলা দায়ের হয়েছে, তার সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই। তবে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক কারণে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, আবেদনপত্র, এজাহার, চার্জশিটের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে যদি দেখা যায় যে, মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে, জনস্বার্থে তা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তাহলে সংশ্লিষ্ট জেলা কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে সুপারিশ করে।
পিএস







































