• ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর


নিজস্ব প্রতিবেদক জুন ২৭, ২০২৬, ০৭:১৫ পিএম
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়া নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু এবং সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশিয়া। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায়ও দেশটি সমর্থন জানাবে বলে আশ্বাস দিয়েছে। 

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে।

চীন সফরের বিষয়ে তিনি জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। এ লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে।

এসআই

Link copied!