• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৬, ০৬:৩৫ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয় এমপি

ছবি : সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে ৩৪৯ এমপির মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। তবে বিভিন্ন কারণে ৬ জন সংসদ সদস্য ভোট প্রয়োগ করেনি।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট রাষ্ট্রপতি হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) ফলাফল ঘোষণা করে। শেষ হওয়া এই ভোটে অংশ নেননি ছয় এমপি। এর মধ্যে চারজন ভোটকেন্দ্রেই উপস্থিত হননি। আর একজন দলীয় সিদ্ধান্তে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

ভোটকেন্দ্রে উপস্থিত না থাকা ছয় সংসদ সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা এবং বরগুনা ১ আসনের ইসলামী আন্দোলনের এমপি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

এর মধ্যে মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন বলে সংসদ সূত্রে জানা গেছে। ফলে তিনি ভোট দিতে পারেননি।

গাজী নজরুল ইসলামকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি নির্বাচনে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে দলটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিএনপি কিংবা ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে ভোটকক্ষে দেখা যায়নি।

এবারের নির্বাচনে এমপি হিসেবে ভোট দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তবে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐকমত্য হয়েছিল, সেখান থেকে সরে আসার কারণে তারা এ নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড. ওসমান ফারুক ও চট্টগ্রাম-৩ আসনের এমপি মোস্তফা কামাল পাশার ভোট না দেওয়ার কারণ জানা যায়নি।

পিএস

Link copied!