• ঢাকা
  • সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২৬, ০২:২৬ পিএম
দুর্নীতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, “আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে৷”

তিনি বলেন, “দেশে প্রায় ৫০টি মন্ত্রণালয় রয়েছে। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলোর তুলনায় ব্যতিক্রম। কারণ, সরকারের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা এবং এই মন্ত্রণালয় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে।

কর্মকর্তাদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “সরকার অত্যন্ত ক্ষমতাশালী হলেও এই ক্ষমতা সরকারের নিজস্ব নয়। জনগণই এ ক্ষমতার উৎস। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তারাই সরকার পরিচালনা করেন। জনগণের দেওয়া সেই ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে।

“দেশের সচ্ছল মানুষ নিজেদের অনেক প্রয়োজন নিজেরাই পূরণ করতে পারেন। কিন্তু দরিদ্র মানুষ সরকারি সহায়তা ও সেবার ওপর বেশি নির্ভরশীল। তাই তাদের অধিকার ও প্রয়োজন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

পিএস

Link copied!