ছবি : সংগৃহীত
ঢাকা: পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় আসতে পারেনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট পারমিশন না পাওয়ায় নির্ধারিত চালানের আগমন আটকে যায়।
বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে জ্বালানি দেশে আসেনি।
তবে পাকিস্তান ঠিক কী কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্ত্রী জানান, জ্বালানি পৌঁছানোর জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়ামের নতুন চালান বাংলাদেশে পৌঁছাতে পারে।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জ্বালানি গ্রহণের জন্য বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার কাছ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আকাশসীমা অনুমোদন পাওয়া যায়নি। ফলে নির্ধারিত ফ্লাইটটি পাঠানো সম্ভব হয়নি।
পিএস







































