• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০২৬, ০৮:৪১ পিএম
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে প্রকাশ্যে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাত সোয়া সাতটার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে আটক করে ডিবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় ৮ নম্বর বেল্ট এলাকায় ট্রলি সংকট তৈরি হয়। ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন। এমনকি তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও অত্যন্ত অশালীন মন্তব্য করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ সময় যাত্রীদের পবিত্র জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দিয়ে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ 

Link copied!