ছবি : সংগৃহীত
ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইয়েমেনের ইরানপন্থি হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত সজিব হোসেন বাড়ি কুমিল্লায়।
গতকাল রোববার (৪ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে।
হামলায় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
এক শোকবার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সজিব হোসেনের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে সজিবের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
সজিব হোসেনের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন এবং দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে।
পিএস







































