ফাইল ছবি
নতুন বেতন কাঠামো অনুযায়ী অক্টোবর মাসের বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থও তাঁদের হিসাবে জমা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারী মোবাইল ফোনে বেতন ও বকেয়া টাকা জমার বার্তা পান।
কর্মকর্তারা জানান, দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন। তবে যাঁদের বেতন নির্ধারণের (পে-ফিক্সেশন) প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাঁরা সংশোধিত কাঠামো অনুযায়ী বেতন পাননি।
কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, সকাল ১০টা থেকেই তাঁরা নতুন কাঠামো অনুযায়ী বেতন জমার বার্তা পেয়েছেন। পে-ফিক্সেশনের কাজ শেষ হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কর্মচারীরাও পাওনা পাবেন বলে তাঁরা আশা করছেন।
গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করে। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশোধিত কাঠামো অনুযায়ী, ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ বেড়েছে। আর ১২ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে একবারে পুরো সুবিধা না দিয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। ১০ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ হারে সুবিধা। ২০২৬ সালের ৩০ জুনে উত্তোলিত বা প্রদেয় বেতনের ভিত্তিতে এই অতিরিক্ত অর্থ হিসাব করা হয়েছে।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ সংশোধিত স্কেলের পুরো ১০০ শতাংশ কার্যকর হবে।
তবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে প্রযোজ্য হারেই বহাল থাকবে। প্রজ্ঞাপনে ঘোষিত ভাতার সংশোধিত হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল। দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মচারীদের বেতনে এটিই প্রথম বড় ধরনের পুনর্গঠন। ওই স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১০১ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ৯৫ শতাংশ বাড়ানো হয়েছিল।
এসএইচ







































