ছবি : সংগৃহীত
ঢাকা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এবং জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জিত হবে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। দেশের শুল্ক ব্যবস্থাপনা ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে। আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আমির খসরু বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি রাখছে। এমনভাবে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ সুফল পাওয়া যায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ ও সহায়তা একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচির অংশ।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির কার্যক্রম সচল রাখা হচ্ছে।
তিনি জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। দিনশেষে এর সুফল দেশের জনগণ পাবে।
পিএস







































