• ঢাকা
  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড়


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৬, ০৫:১৩ পিএম
রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড়

ফাইল ছবি

ঢাকা: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায়ও এসব পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এসংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বিশেষ এই সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
 
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে। অর্থাৎ পণ্য আমদানির পর নির্ধারিত মেয়াদের মধ্যে আমদানির মূল্য পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের ব্যবস্থাও রাখা হয়েছে।

সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।

সার্কুলারে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। 

পিএস

Link copied!