ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পাশাপাশি বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো চালক কাওছার খলিফা।
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হলে ইজিবাইক চালক কাওছার খলিফার গাড়ির গতিরোধের চেষ্টা করলে সে (কাওছার) গাড়ী না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তখন উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ীর পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সূত্রে আরও জানা গেছে, বুধবার দুপুরে আইন-শৃখলা বাহিনীর সহায়তায় এসআরবি'র বোমা নিষ্ক্রিয়কারী ছয় জনের একটি দল ঢাকা থেকে এসে ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশের ষ্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় বুধবার সকালে এসআই আলামিন বাদি হয়ে ইজিবাইক চালক দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে কাওছার খলিফাসহ তিনজনের নামোল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি কাওছারকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে ইজিবাইক চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পিএস







































