ছবি : প্রতিনিধি
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শনিবার (৬ জুন) ঢাকার একটি হোটেলে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এই বৈঠকে নেতৃত্বে দেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জুলাই বিপ্লবে এনসিপির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, এই আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
এ সময় এনসিপি নেতৃবৃন্দ রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও ধারাবাহিক সম্পৃক্ততার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় দুই পক্ষ বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বাংলাদেশের তরুণ সমাজ ও তুরস্কের যুবসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কার্যকর বিনিময় কর্মসূচি চালুর ওপর এনসিপি নেতারা বিশেষ গুরুত্বারোপ করেন।
এনসিপি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্যসচিব হোমায়রা নূর ও রাফে সালমান রিফাত।
পিএস







































