• ঢাকা
  • শনিবার, ০১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী


জেলা প্রতিনিধি আগস্ট ১, ২০২৬, ০৮:৩৭ এএম
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

জৈন্তাপুর থেকে জুলাই পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভাঙা কাঁচের আঘাতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ২ জন আহত হন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত গাড়িবহরের ওপর হামলা চালায়। এ সময় একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজনের হাতে আঘাত লাগে। এতে দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে এনসিপি।

ওই দিন সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

পরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রুকন)। মামলায় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ করা হয়।

এম
 

Link copied!