ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয় অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় বিজয়ী এই প্রার্থীরা হলেন জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান। তাদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আনন্দের সৃষ্টি করেছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীরা তাদের সমর্থক ও বাংলাদেশি আমেরিকানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। তিনি ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এই আসনের প্রতিনিধিত্ব করে আসছেন।
কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন অপর বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। তিনি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে পরাজিত করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবারের মতো স্টেট সিনেটর নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ৩০ আসন থেকে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল বি খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এই জয়ের মাধ্যমে অঙ্গরাজ্যটির আইনসভায় তার রাজনৈতিক যাত্রা আরও দীর্ঘ হলো।
অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের সাফল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ধারাবাহিকতা রক্ষা করল।
এসএইচ







































