• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশুলিয়ায় প্রিটি গ্রুপের ৬ জনের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ মামলা


সাভার (ঢাকা) প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৬:০০ পিএম
আশুলিয়ায় প্রিটি গ্রুপের ৬ জনের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ মামলা

ছবি : প্রতিনিধি

সাভার: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ৯ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিটি গ্রুপের কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এসআই আবু তালেব বাদী হয়ে ‘অপরাধজনক নরহত্যা’ মামলা দায়ের করেছেন। সোমবার রাত ১২টার পর মামলাটি রুজু করা হয়। মামলায় প্রিটি গ্রুপের দায়িত্বশীল ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আশপাশে থাকা আরও কয়েকটি সিলিন্ডারবাহী গাড়িসহ অন্তত ৭ থেকে ৮টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে আশপাশের মানুষজন ছোটাছুটি শুরু করেন। সবজি বিক্রেতা ও দোকানিরা দোকান ফেলে নিরাপদ স্থানে সরে যান।

বিস্ফোরণের সময় কয়েকটি সিলিন্ডার ঘটনাস্থল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরে ছিটকে গিয়ে আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদে পড়ে। কোনো কোনো সিলিন্ডার টিনের চালা ফুটো করে ঘরের ভেতরেও ঢুকে পড়ে।

এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ৮জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।

ঘটনার পর থেকেই বিস্ফোরণের কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পিএস

Link copied!