• ঢাকা
  • রবিবার, ৩১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ত্রিদেশীয় সিরিজে প্রাপ্ত আয় বন্যার্তদের দিচ্ছেন আফ্রিদি ও সালমান


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:২১ পিএম
ত্রিদেশীয় সিরিজে প্রাপ্ত আয় বন্যার্তদের দিচ্ছেন আফ্রিদি ও সালমান

ঢাকা: এশিয়া কাপের প্রস্তুতি সারতে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছিল পাকিস্তান। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ম্যান ইন ব্লুরা। 

আর এই সিরিজের প্রাপ্ত অর্থ নিজ দেশের বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিয়েছেন পাক অধিনায়ক সালমান আলি আগা ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।   

রোববার (৭ সেপ্টেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র ১৪১ রানের পুঁজি গড়েও আফগানদের ৬৬ রানে অলআউট করে পাকিস্তান। এতে ৭৫ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

শারজাহতে পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নাওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকও করেন।

এরপর সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বন্যার্তদের সহায়তায় শাহিন ও তার অর্থ প্রদানের ঘোষণা দেন সালমান।

পাক অধিনায়ক লিখেছেন, আমরা দলগতভাবে কী প্রতিক্রিয়া দেখাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশ কঠিন সময় পার করছে। আমি ও শাহিন আফ্রিদি ত্রিদেশীয় সিরিজের আয় বন্যার্তদের জন্য দেবো। যাদের জীবন বিপন্ন হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিভিন্ন অঙ্গনের তারকাদের আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত তিন বছরে পাকিস্তান দ্বিতীয়বার ভয়াবহ মৌসুমী বন্যার কবলে পড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষমুহূর্ত থেকে বন্যায় ৯০০-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্লাবিত হয়েছে পাঞ্জাবের ১৪০০ গ্রাম। এ ছাড়া এক মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এখনও চলমান এই বন্যায়।

এআর

Link copied!