ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে ফেসবুক পোস্টের বিষয়টি সরাসরি উল্লেখ না করে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ হিসেবে দেখানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি অনুমোদন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এর আগে সোমবার সকালে জাকিরুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’ তিনি আরও লেখেন, ‘দলের আগে দেশ’ এবং ‘আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে’।
তবে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে শুধু শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হলেও জাকিরুল হক মুঠোফোনে জানান, তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে মত প্রকাশ করার কারণেই তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এসএইচ







































