ঢাকা : বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত সূচনা করলো টাইগ্রেস বোলাররা। টাইগ্রেসদের তোপে পাকিস্তানের ব্যাটসম্যানরা ১২৯ রানে অল আউট হয়েছে।
কলম্বোতে বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুঁড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভার বল করে নিজের প্রথম ৩ ওভারই মেইডেন নিয়েছেন এ স্পিনার। ২টি করে উইকেট তুলে নিয়েছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।
পাকিস্তান প্রথম ওভারেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন পেসার মারুফা। তার সুইংয়ে কাবু হয়ে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান ওমাইমা সোহেল ও সিদরা আমিন।
এরপর তৃতীয় উইকেট কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ফাতিমা সানার দল। মুনিবা আলী ও রামিন শামীম মিলে গড়ে ৪২ রানের জুটি। ৩৫ বলে ১৭ রান করা মুনিবাকে ফিরিয়ে সে জুটি ভাঙেন নাহিদা। এর কিছুক্ষণ পর শামীমকেও সাজঘরে ফেরান নাহিদা। ৩৯ বলে ২৩ রান করে এ ব্যাটার।
দলীয় ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ২০ বলে ১৫ রানে রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন সিদরা নাওয়াজ। আলিয়া রিয়াজ ও ফাতিমা সানার কল্যাণে শতরানে পৌঁছায় পাকিস্তান। ৪৩ বলে ১৩ রান করে নিশিতা আক্তার নিশির শিকার হন আলিয়া। ৩৩ বলে ২২ রান করে ফাহিমা খাতুনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফাতিমা। শেষদিকে ডায়ানা বাইগের ২২ বলে অপরাজিত ১৬ রানের কল্যাণে আরও কিছু রান স্কোরকার্ডে যোগ করে পাকিস্তান।
জয়ের জন্য লক্ষ্যটা সহজই বলা চলে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। ৫০ ওভারের ম্যাচে ওভারপ্রতি প্রয়োজন মাত্র ২.৬ রান। বাংলাদেশকে করতে হবে ১৩০ রান।
পিএস







































