• ঢাকা
  • শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্ট্রিয়াকে উড়িয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন


স্পোর্টস ডেস্ক জুলাই ৩, ২০২৬, ০৫:৩৯ এএম
অস্ট্রিয়াকে উড়িয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

বিশ্বকাপের শেষ ৩২-এ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। দুটি গোল করেছেন মিকেল ওইয়েরজাবাল। বাকি গোলটি করেছেন পেদ্রো পোরো। এই জয়ের ফলে ২০১০ বিশ্বকাপের ফাইনালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ নকআউট ম্যাচে জিতল স্পেন।

২০১০ বিশ্বকাপের ফাইনালের পর নকআউট পর্বের কোনো ম্যাচ জিততে পারেনি স্পেন। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপে নকআউটে উঠলেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। এবার সেই খরা কাটাতে কোচ লুইস দে লা ফুয়েন্তের দল নেমেছিল অস্ট্রিয়ার বিপক্ষে। সে লক্ষ্য পূরণ করে তবেই মাঠ ছেড়েছে স্প্যানিশরা। 

ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলটি করে স্পেন। মার্ক কুকুরেলার পাস থেকে সহজেই বল জালে জড়ান ওইয়েরজাবাল। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলের পর এই প্রথম নিজেদের কোনো খেলোয়াড়ের পা থেকে বিশ্বকাপের নকআউটে গোল পেল স্পেন। মাঝে ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে গোল এলেও সেটা ছিল আত্মঘাতী গোল।

তার আগে অবশ্য আরও একটি গোল পেয়েছিল স্পেন। লামিন ইয়ামালের কর্নার থেকে বল জালে জড়ান কুকুরেলা। কিন্তু ভিএআর যাচাইয়ে দেখা যায়, গোলের আগে স্পেনের একজন খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষককে ফাউল করেছিলেন। তাই গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে আরও দুবার গোলের কাছে গিয়েছিল স্পেন। অ্যালেক্স বায়েনার ফ্রি কিক ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক অ্যালেক্সান্ডার শ্লাগার। ফিরতি বলে ইয়ামালের শটও ঠেকিয়ে দেন তিনি। তাই ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান বাড়ায় স্পেন। বায়েনার ক্রস থেকে হেডে গোল করেন পেদ্রো পোরো। এটি ছিল এই টটেনহ্যাম ডিফেন্ডারের প্রথম আন্তর্জাতিক গোল। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন।

৬০ মিনিটের পর অস্ট্রিয়া একটু আক্রমণে ওঠার চেষ্টা করে। বদলি খেলোয়াড় সাশা কালাইজিচ মাঠে নামার পর সাবিতজারের ক্রস থেকে হেড করেন তিনি। তবে বল লক্ষ্যে থাকেনি। পুরো ম্যাচে এটিই ছিল অস্ট্রিয়ার সবচেয়ে ভালো সুযোগ।

শেষ পর্যন্ত ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করে স্পেন। কুকুরেলার পাস থেকে বক্সের ভেতরে ফাঁকায় দাঁড়িয়ে গোল করেন ওইয়েরজাবাল। এই গোলের মাধ্যমে নিজের দ্বিতীয় গোলটিও তুলে নেন তিনি। শেষমেশ ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এম

Link copied!