• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঘুরে দাঁড়ালো সোনা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২, ২০২৬, ০৬:৫৬ পিএম
ঘুরে দাঁড়ালো সোনা

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে টানা দুই দিনের পতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম। দুর্বল কর্মসংস্থান তথ্য, তেলের দাম কমে যাওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতি-সংক্রান্ত তুলনামূলক নমনীয় মন্তব্যের জেরে বৃহস্পতিবার সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ০৬৪.৪১ ডলারে পৌঁছায়। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের বেসরকারি কর্মসংস্থান (এডিপি) তথ্য প্রকাশের পর টানা দুই দিনের পতন কাটিয়ে সোনা প্রতি আউন্স ৪ হাজার ০২৯.৮৯ ডলারে লেনদেন শেষ করে।

অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্সের দাম সামান্য ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ০৭৬.৬০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির ঝুঁকি কিছুটা কমে আসার ইঙ্গিত এবং তেলের দাম হ্রাস পাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ বেড়েছে। তবে বাজারের পরবর্তী দিকনির্দেশনা অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের জুন মাসের নন-ফার্ম পেরোলস প্রতিবেদনের ওপর।

রয়টার্সের জরিপ অনুযায়ী, মে মাসে ১ লাখ ৭২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পর জুনে তা কমে প্রায় ১ লাখ ১০ হাজারে নেমে আসতে পারে। প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য এলে সোনার দাম আরও বাড়তে পারে। তবে কর্মসংস্থান ১ লাখের বেশি বাড়লে ফেডের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা বহাল থাকতে পারে, যা সোনার দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে, মে মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৪১ টন সোনা কিনেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই ক্রয়ও দীর্ঘমেয়াদে সোনার বাজারকে সমর্থন দিচ্ছে।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী ছিল।

পিএস

Link copied!