• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দামে বড় পতন, জানা গেলো কারণ


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ০৭:৫৬ পিএম
স্বর্ণের দামে বড় পতন, জানা গেলো কারণ

ফাইল ছবি

ডলারের শক্তিশালী অবস্থান এবং বন্ডের সুদের হার বাড়ার কারণে বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এর ফলে টানা এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের পতনের মুখে পড়েছে লাভহীন এই মূল্যবান ধাতু।

শনিবার (৩ অক্টোবর) রাতে পাওয়া তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ ডলারে নেমে এসেছে। সবমিলিয়ে চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। এছাড়া মার্কিন গোল্ড ফিউচার্সের দামও ১ শতাংশ কমে ৪ হাজার ১৬২ ডলারে ঠেকেছে।

বাজার বিশ্লেষক হ্যান তান রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড কঠোর নীতিতে অটল থাকায় বিনিয়োগকারীরা অতিরিক্ত আশা করতে ভয় পাচ্ছেন। সামনে মূল্যস্ফীতি ও শ্রমবাজারের দুর্বলতা ফেড কীভাবে সামাল দেয়, তার ওপরই স্বর্ণের ভবিষ্যৎ নির্ভর করছে। চলতি বছরের শুরুর দিকে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মুদ্রাস্ফীতির শঙ্কা ও চড়া সুদের হারের কারণে স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি কমেছে। বিশ্ববাজারের এই মন্দার প্রভাব পড়েছে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও।

এদিকে আন্তর্জাতিক বাজারের এই পতনের প্রভাব দেশের বাজারেও লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

এসএইচ 

Link copied!