• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতের জালে এক হালি গোল ব্রাজিলের


স্পোর্টস ডেস্ক অক্টোবর ৩, ২০২৬, ১০:৩০ পিএম
ভারতের জালে এক হালি গোল ব্রাজিলের

ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় এক রাতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি এই ম্যাচে ‘ব্লু টাইগার্স’দের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। প্রথমবারের মতো দুই দলের এই আন্তর্জাতিক লড়াইয়ে বিশ্বমঞ্চের শক্তির প্রমাণ দিয়ে মাঠে আধিপত্য বজায় রেখেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচ শুরুর আগে থেকেই পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একাদশ সাজান। তরুণ গোলরক্ষক পেদ্রো মরিসকোর ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় এই ম্যাচ দিয়েই। এস্তেভাও উইলিয়ান ও পেদ্রো গোলে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যাওয়া ব্রাজিলের হয়ে বিরতির পর জোড়া গোল করেন স্যামুয়েল লিনো।  

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। আক্রমণগুলোতেও তেমন ধার ছিল না। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশেষে এস্তেভাও উইলিয়ানের গোল ব্রাজিল ডেডলক ভাঙে ২৮ মিনিটে। একাই বল নিয়ে ডান দিক থেকে আক্রমণে উঠে ভারতের বক্সে ঢুকে এক দুর্দান্ত ও জোরালো শটে জাল খুঁজে নেন এই তরুণ সেনসেশন। 

প্রথম গোলের ঠিক পরপরই ৪২ মিনিটে ফের আঘাত হানে সেলেসাওরা। বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড পেদ্রোর নেওয়া জোরালো শট ভারতীয় গোলরক্ষকের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায় (২-০)। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল কিছুটা ম্যাড়ম্যাড়ে। তবে ৫৮ মিনিটে আবারও গোল পায় ব্রাজিল। পেদ্রোর অ্যাসিস্টে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো।

এরপর ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে কয়েকটি সুযোগ তৈরি করে ভারত। রায়ান উইলিয়ামস ও মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। শেষ দিকে ব্রাজিল কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ চালায়। ইনজুরি টাইমে বক্সের মধ্যে ভারতীয় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন লিনো। তাতে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর ভারত ১৩৮তম। ভারতের জন্য এই ম্যাচটি শুধু হার-জিতের বাইরেও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তির বিপক্ষে নিজেদের সামর্থ্য ও অভিজ্ঞতা অর্চারের দারুণ এক সুযোগ ছিল। শক্তিমত্তায় দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব একটা খারাপ করেনি ভারত। অন্যদিকে, কলকাতার দর্শকদের দারুণ ফুটবল উপহার দিয়ে জয় দিয়ে সফর রাঙাল ব্রাজিল দল।

এম

Link copied!