ছবি: সংগৃহীত
সকালে কুয়াশা ভেদ করে রোদ উঠলেও ঠান্ডা বাতাসে তেজহীন সেই রোদ শীতের কাছে ম্লান হয়ে পড়ছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই আবার বাড়ছে ঠান্ডা বাতাসের দাপট।
উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে এভাবেই প্রকৃতিতে জেঁকে বসেছে শীতের আমেজ। রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে নদী অববাহিকা, খোলা জায়গা ও সড়কে চলাচলকারী মানুষের কাছে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে তা ম্লান হয়ে পড়ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। আগের দিনগুলোর মতো সকালে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের দাপট ছিল। সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের শীত উপেক্ষা করেই চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও বিকেলের পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোরে শীতের অনুভূতি বেশি হয়। সকালে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না।
রাজবাড়ী থেকে পাথর কিনতে পঞ্চগড়ে এসেছেন মোতালেব হোসেন। তিনি গত তিন দিন ধরে পঞ্চগড়ে অবস্থান করছেন। তিনি বলেন, ‘এখানে শীতের প্রকোপ এতটা বেশি হবে, তা ধারণা ছিল না। পাথর কিনতে এসে অন্য রকম এক অনুভূতি হলো।’
সদর উপজেলার অমরখানা এলাকার বাসিন্দা হোসেন আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত অনুভূত হচ্ছে। এতে মানুষ ও পশুপাখি উভয়ই সমস্যায় পড়ছে। রাতে হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগে। আজ সকালে কুয়াশা না থাকলেও বাতাসের কারণে শীত থেকে রেহাই মিলছে না।
বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়া গ্রামের ঈদ্রিস আলী বলেন, ‘এই এলাকার অনেক মানুষ নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তীব্র শীতের কারণে ঠিকমতো কাজ করতে না পেরে তাঁরা বিপাকে পড়েছেন।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। চলতি মাসেই তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
এম







































