মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-এ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকাল পর্যন্ত অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়।
নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রমাণিত হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগের কর্মীদের ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি। এছাড়া বোয়েসেল ইতিমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছে। মেডিকেল ফি ও বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করায় নির্বাচিত কর্মীরা সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
এসএইচ