সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্যাডার বা কর্মস্থল ভিন্ন হলেও একজন কর্মকর্তার প্রধান পরিচয় তিনি জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। কোনো নাগরিক যেন সরকারি দপ্তরে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশ দেন তিনি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে নবীন বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্য থেকে শীর্ষ দশজনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের অবশ্যই আইন ও বিধিবিধান মেনে দায়িত্ব পালন করতে হবে। তবে দায়িত্ব পালনের সময় সাধারণ নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করা অত্যন্ত জরুরি। কোনো নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে শুধু তা ফিরিয়ে না দিয়ে, কীভাবে সেটি সংশোধন করা যায়—সেই পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, এ ধরনের আচরণই প্রশাসনের আন্তরিকতা ও মানবিকতার প্রকৃত পরিচয় বহন করে।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে দেওয়া ইশতেহার এখন জনগণের রায়ের মাধ্যমে একটি রাষ্ট্রীয় দলিলে পরিণত হয়েছে। এই ইশতেহার বাস্তবায়ন বর্তমান সরকারের যেমন দায়িত্ব, তেমনি তা সম্পাদনের প্রশাসনিক কাজ কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। এ ছাড়া সরকারি সেবায় দীর্ঘসূত্রতা কমিয়ে ইতিবাচক মানসিকতার মাধ্যমে সেবাখাতকে আরও নাগরিকবান্ধব করার ওপর জোর দেন তিনি।
এসএইচ