বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স এসআরবির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাহিনীর সদর দপ্তরে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর এসআরবি সদস্যদের সঙ্গে দরবারে অংশ নেন নতুন মহাপরিচালক। এ সময় তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। পাশাপাশি দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এসএইচ