সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কেউই যেন দায়মুক্তি না পান, সে বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৮ম বৈঠকে নিজেদের এই অবস্থানের কথা ব্যক্ত করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া অংশ নেন।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২০-২১ অর্থবছর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট রিপোর্ট ও অনিষ্পন্ন আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বন্দরগুলোর সেবা সহজ ও গতিশীল করতে আমদানি-রপ্তানি কার্যক্রমে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ই-বিলিং ও ই-পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সমস্যাগ্রস্ত ও বেসরকারি ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের এফডিআর বিনিয়োগ এবং অতিরিক্ত অর্থ অলস ফেলে রাখার বিষয়ে বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এই বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে বন্দরের সব অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করে কমিটি।
এ ছাড়া চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। কনটেইনার চুরি ও খালি কনটেইনারের নামে মালবাহী কনটেইনার বের করে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ করা হয়। সেই সঙ্গে বন্দরগুলোর ড্রেজিং প্রকল্প এবং নিয়মবহির্ভূতভাবে বোনাস প্রদানের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ