ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী রাজনৈতিক ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শনিবার বিকেল পাঁচটায় রংপুর সার্কিট হাউজে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “এবারের নির্বাচনে কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং লক্ষণ আমরা লক্ষ্য করছি না। নির্বাচন সংশ্লিষ্ট সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মানসিকভাবে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণে বড় রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তনের প্রমাণ। একটি দলের আমির নিজ থেকেই পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন, অন্য দলের পূর্বনির্ধারিত কর্মসূচিও বাতিল হয়েছে। এটিই প্রমাণ করে আমাদের রাজনৈতিক ও ভোটের সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে।”
নির্বাচন কমিশনার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ভোটযুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “এগুলো রাজনৈতিক কৌশল মাত্র। একে সহিংসতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়।”
তিনি বলেছেন, “সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। জনাব হাদির হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”
নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন কোনো চাপের মধ্যে নেই। যে বা যারা নির্বাচনের অনুকূল নয় এমন কোনো মুভমেন্ট করবে, আমরা তা বিরোধিতা করব। সবাইকে আহ্বান জানাই—নির্বাচন বান্ধব পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন।”
তিনি আরও জানান, “রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার-সবাই একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো এবং নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক। জাতি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে।”
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ







































