ছবি: প্রতিনিধি
তানোর-গোদাগাড়ী আসনে বিএনপি ও জামায়াতের দুই হেভিওয়েট প্রার্থী-বিএনপি মনোনীত মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং জামায়াত ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই আসনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল লড়াই এই দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, আসনের আদিবাসীদের ভোটই ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এই দুই উপজেলার মোট ভোটারের প্রায় ৩০ ভাগ আদিবাসী, যার মধ্যে একটি বড় অংশ মূলত আওয়ামী লীগের সমর্থক। ফলে তারা যে দিকে ঝুঁকবেন, সেই দিকে জয়ের পাল্লা যাবে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রার্থীরা এখন আদিবাসীদের মন জয় করতে কার্যক্রম চালাচ্ছেন। নির্বাচনের হালচাল ও প্রচারণা মূলত এই ভোটকে কেন্দ্র করে গড়ে উঠছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৩৪ হাজার ৬৯৯ জন এবং পুরুষ দুই লাখ ৩৪ হাজার ৭৮১ জন। আসনটি চারটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত, আয়তন ৭৭০ বর্গকিলোমিটার। এবারের নির্বাচনে প্রথমবারের মতো এই আসনে বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা মুখোমুখি হয়েছেন।
গোদাগাড়ীর ঋশিকুল এলাকার বাসিন্দা আলি আসগর বলেন, এবারের লড়াই মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে। জয় নির্ধারিত হবে আদিবাসীদের ভোটে। তাই প্রার্থীরা এখন আদিবাসীদের মন জয় করতে ব্যস্ত।
এসএইচ







































