• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত থেকে আসছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র


রাজশাহী ব্যুরো ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:০৯ পিএম
ভারত থেকে আসছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারত থেকে দেশে আসছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র চোরাচালানের জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে রাজশাহী। প্রতিনিয়ত রাজশাহীর বিভিন্ন সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনী এসব অস্ত্র উদ্ধার করছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্ত দিয়ে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পবা, চারঘাট ও বাঘা এলাকা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এসব অস্ত্র পরে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে।

রাজশাহী অঞ্চলে অস্ত্র চোরাচালানের অন্যতম রুট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। সীমান্তের কিরণগঞ্জ, বিনোদপুর, বিশ্বনাথপুর, কারিগঞ্জ, সোনামসজিদ ও ধীনগরে কয়েকজন চোরাচালানকারীর মাধ্যমে অস্ত্র দেশে আসে। বাঘা উপজেলার মীরগঞ্জ, চকরাজাপুর ও পাকুড়িয়া সীমান্ত থেকেও অস্ত্র প্রবেশ করছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ভারতীয় অস্ত্র চোরাচালানকারীরা পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী গ্রামে অস্ত্র মজুত করে বাংলাদেশের সিন্ডিকেটের হাতে পাঠাচ্ছে। সিন্ডিকেটগুলো দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র পৌঁছে দিচ্ছে।

গত এক বছরে র‌্যাব-৫ ৭০টির বেশি আগ্নেয়াস্ত্র এবং ৫৭৪ কেজি গানপাউডার উদ্ধার করেছে। জেলা পুলিশ ও বিজিবি-ও উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করেছে। গত শুক্রবার বাঘা উপজেলার রাওথা থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, নির্বাচনের আগে জেলায় ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ সদস্য, সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি বিওপিতে ৭০০ জন স্ট্রাইকিং রিজার্ভ মোতায়ন করা হয়েছে। লক্ষ্য হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধ করা।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ব্যবহারেরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান তৎপর রাখা হয়েছে। প্রতিটি ঘটনার আগে তথ্য সংগ্রহ, জড়িতদের শনাক্তকরণ ও আটক কার্যক্রম চলছে। ভোটের পরিবেশও স্বাভাবিক রয়েছে।
 

এসএইচ 

Wordbridge School
Link copied!