ছবি : প্রতিনিধি
পাবনা: পাবনা-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত প্রার্থীর কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপ জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বরাত চর ভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য।
জানা যায়, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ। কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন।
প্রচারণার সময় তিনি প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রচারণার বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
পিএস





-20260210153424.jpg)
-20260210152141.jpg)
































