• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনায় ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬৯টি


পাবনা প্রতিনিধি ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:০৬ পিএম
পাবনায় ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৬৯টি

ছবি: প্রতিনিধি

পাবনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৭০২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৭৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৯১টি কম ঝুঁকিপূর্ণ। বাকি ৪৩৩টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হয়েছে।

পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নির্বাচন নিরাপত্তায় পাবনা জেলায় প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২০০ জন সেনাসদস্য, ২৩শ পুলিশ সদস্য, ১২০ জন র‌্যাব সদস্য এবং ৯ হাজার ১২৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য থাকবেন, যার মধ্যে তিনজন অস্ত্রধারী। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ২ থেকে ৫ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহল, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকি, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই এই প্রস্তুতি।

পাবনার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন, নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

পাবনা-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন এবং ভোটকেন্দ্র ৯৪টি।

পাবনা-২ আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন, ভোটকেন্দ্র ১৪০টি।

পাবনা-৩ আসনে আটজন প্রার্থী লড়ছেন। এখানে ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন এবং ভোটকেন্দ্র ১৭৬টি।

পাবনা-৪ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন, ভোটকেন্দ্র ১২৯টি।

পাবনা-৫ আসনে চারজন প্রার্থী রয়েছেন। এই আসনে ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন এবং ভোটকেন্দ্র ১৬৩টি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!