• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০


নাটোর প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১২ পিএম
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

ছবি: প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. হাসিনুর রহমান ও বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আসাব সরকার রয়েছেন।

শনিবার সকালে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন–পরবর্তী বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে বিএনপি কর্মীরা জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারধর করলে, এর জের ধরে শনিবার জামায়াত কর্মীরা বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতা–কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গুরুতর আহত মাওলানা হাসিনুর রহমানকে প্রথমে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপি নেতা আসাব সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাটোরের পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!