• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ৯


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মার্চ ১, ২০২৬, ০৬:৪৩ পিএম
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ৯

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে নারী সদস্যসহ দালাল চক্রের ৯ জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রোববার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বর থেকে তাঁদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পাকশী বাঘইল এলাকার মো. ইমরান, দিয়ার বাঘইল এলাকার নূর মোহাম্মদ নূর, মিরকামারী এলাকার শরিফুল ইসলাম, ইস্তা এলাকার আয়েশা, পূর্ব টেংরী এলাকার নূরজাহান খাতুন, উত্তর বাঘইল এলাকার তুলি, বিজয়নগরের শাহনাজ, মাজদিয়া এলাকার রোজিনা এবং আকবরের মোড় এলাকার পারু।

এনএসআই সূত্রে জানা গেছে, দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতেন এবং হয়রানি করতেন। দীর্ঘদিন ধরে তাঁরা এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে পাবনা জেলা এনএসআইয়ের সহকারী পরিচালক মো. আনিচ উর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, ঈশ্বরদী থানা-পুলিশ ও এনএসআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!