• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাহিদার চাপে টিসিবি ট্রাকসেল, পণ্য না পেয়ে ফিরছেন অনেকে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মার্চ ১, ২০২৬, ০৫:৪১ পিএম
চাহিদার চাপে টিসিবি ট্রাকসেল, পণ্য না পেয়ে ফিরছেন অনেকে

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতিদিনই খালি হাতে ফিরছেন অনেকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন।

শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ানজাইগীর গ্রামের মর্জিনা খাতুন পাঁচ ধরনের পণ্য কেনার আশায় সকালেই উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়ান। সাত ঘণ্টা অপেক্ষার পর বিকেলে তিনি পণ্য পেলেও তাঁর শাশুড়ি আসমা খালি হাতে ফিরেছেন। শুধু আসমা নন, এদিন অন্তত ৩০ জন কোনো পণ্য না পেয়ে ফিরে গেছেন বলে সরেজমিনে দেখা গেছে।

উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়িয়ে পণ্য না পাওয়া গৃহবধূ আসমা বলেন, ট্রাকে পণ্য বিক্রির খবর পেয়ে ছেলের বাড়ি থেকে এসেছিলেন। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে তাঁকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিযোগ করেন, একই পরিবারের দু-তিনজন সদস্য আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছেন। ব্যাপক প্রচারণার অভাবে শহরের অনেকেই এ সেবার কথা জানেন না। তারপরও যাঁরা এসেছেন, তাঁদের অনেকেই পণ্য না পেয়ে ফিরে গেছেন।

সোনামসজিদ বন্দরের এক আমদানিকারকের কর্মচারী আহাদ আলী বলেন, অমোচনীয় কালি ব্যবহারের কারণে একজন ব্যক্তি দ্বিতীয়বার পণ্য নিতে পারেন না ঠিকই, কিন্তু যেসব পরিবারে সদস্য বেশি বা বেকার সদস্য রয়েছে, তারা আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে একাধিকবার পণ্য সংগ্রহ করছে। অথচ তিনি নিজে পণ্য না পেয়ে ফিরে গেছেন।

শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে একটি পয়েন্টে ৪০০ জনের জন্য ট্রাকে করে পাঁচ ধরনের পণ্য বিক্রি করা হয়। আগের দিন শাহবাজপুর ইউনিয়নে একই পরিমাণ পণ্য বিক্রি হলেও সেখানে ৫৩ জন পণ্য না পেয়ে ফিরে যান। ৫৯০ টাকার একটি প্যাকেজে একজন ক্রেতা এক কেজি চিনি ৮০ টাকা, দুই কেজি মসুর ডাল ১৪০ টাকা, দুই লিটার ভোজ্যতেল ২৩০ টাকা, এক কেজি ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ৮০ টাকায় কিনতে পারছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় একজন করে ডিলার প্রতিদিন মোট দুই হাজার কেজি পণ্য বিক্রি করেন। প্রতিটি উপজেলায় কোন ইউনিয়নে কোন দিন পণ্য বিক্রি হবে, তা আগের দিন বিকেলে সংশ্লিষ্ট ডিলারকে জানানো হয়। তবে আগাম প্রচারণা না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!