• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অসমাপ্ত সড়কে ধুলা–বালুর দুর্ভোগে রাজাপুরের বাসিন্দারা


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ১, ২০২৬, ০৬:৪৮ পিএম
অসমাপ্ত সড়কে ধুলা–বালুর দুর্ভোগে রাজাপুরের বাসিন্দারা

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি নলবুনিয়া বাজারসংলগ্ন টাওয়ারের সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ধুলাবালি ও ছড়িয়ে থাকা বালুর কারণে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির নির্মাণকাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। রাস্তার ওপর বালু ও খোয়া ফেলে রাখায় যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ধুলার ঝড় উঠছে, যা আশপাশের দোকানপাট, বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে।

নলবুনিয়া বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সড়কের কারণে মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘরে যাতায়াতে সমস্যা হচ্ছে। ধুলাবালিতে পরিবেশ দূষিত হয়ে পড়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে মসজিদে নামাজ আদায় ও বাজারে প্রয়োজনীয় কেনাকাটায় ভোগান্তি আরও বেড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কাজ শুরু করে দীর্ঘদিন ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দ্রুত কাজ শেষ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাঁদের। সড়কটির দায়িত্বে থাকা ঠিকাদারের নাম প্রকাশ এবং দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাঁরা রাজাপুর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!