ছবি: প্রতিনিধি
বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজারে একটি পরিত্যক্ত সরকারি মহিলা মার্কেট ঘিরে বেদখলের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল মার্কেটটি ভেঙে নেওয়ার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে বলে জানা গেছে। এ নিয়ে জমিদাতা, বাজার কমিটি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
চরদুয়ানি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করে বলেন, মহিলা মার্কেটটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একটি পক্ষ সেটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। বাজারের স্বার্থে মহিলা মার্কেটটি চালু হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
খলিফারহাট ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মৃধা বলেন, সম্প্রতি ব্যবসায়ীদের নিয়ে মার্কেটটি সংস্কার করে বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ইউএনও চরদুয়ানি ইউনিয়ন পরিষদকে অবহিত করেছেন। প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে সংস্কার করে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও বিরোধের কারণে কাজ থেমে আছে। দ্রুত সংস্কার করে স্থানীয় উদ্যমী নারীদের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।
জমির দাতা কাঞ্চন আলী বলেন, চরদুয়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারেচ মিয়ার উপস্থিতিতে খলিফারহাট বাজারে মহিলা মার্কেট নির্মাণের জন্য তিনি জমি দান করেছিলেন। পরে জমিটি স্থানীয় ব্যবসায়ী কাইয়ুম মাঝির কাছে বিক্রি করেন।
কাইয়ুম মাঝি জানান, ২০২৩ সালে তিনি মার্কেটসংবলিত জমিটি কিনেছেন। তাঁর দাবি, ২০০৩ সালে সেখানে মহিলা মার্কেট নির্মাণ করা হয়েছিল। বর্তমানে মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় থাকায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সেটি ভেঙে নেওয়ার জন্য আবেদন করেছেন। তবে এখন একটি পক্ষ সংস্কার করে পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, খলিফারহাট মহিলা মার্কেটের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা নেই। বিষয়টি সরেজমিনে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































